ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সলের মনোনয়ন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে যাচ্ছেন। মির্জা ফয়সল আমিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি।

তবে এখনই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হচ্ছে না। কয়েক দিন পর দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটি ও দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল আমিনসহ মোট তিনজন দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অন্য দুজন হলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)। তাঁরা মনোনয়ন বোর্ডের কাছে পৃথকভাবে সাক্ষাৎকার দেন।

মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র। ওবায়দুল্লাহ্ মাসুদ সাবেক ছাত্রদল নেতা এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও জিএস। আর সুলতানুল ফেরদৌস চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি একসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুলশানে বিএনপির কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য সেলিমা রহমান ও আমান উল্লাহ আমান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ফরহাদ হালিম উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment