নিজস্ব প্রতিবেদক :দেশের মোট জনগোষ্ঠীর ১২ শতাংশ মানুষ এখনো আয়োডিনবিহীন লবণ খাচ্ছেন। এই হার শূন্যের কোঠায় নামিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ভবনে বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ৬০ থেকে ৭০ শতাংশ পুষ্টিহীনতায় ভুগছে। আয়োডিনের ঘাটতি একটি মেধাবী জাতি গঠনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ সমস্যা মোকাবিলায় পর্যাপ্ত গবেষণা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। বিগত সরকারের আমলে দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়া স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে বর্তমান সরকার কাজ করছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সরকার শুধু রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; বরং স্বাস্থ্য সমস্যার স্থায়ী সমাধানের উপায় খুঁজে বের করার ওপরও গুরুত্ব দিচ্ছে।

