নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সালমারা গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুর রশিদ (৪০) ও শাহনাজ বেগম (২৮)।এর আগে গেল রাতে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটিতে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল শর্মা শালমারা মধ্য পাড়া গ্রামের শুসেন শীলের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে শাহনাজ বেগম নামে এক নারীকে অসামাজিক কর্মকান্ডের জন্য নীলাহাটিতে নিয়ে আসেন শ্যামল, বিষাউসহ কয়েকজন যুবক।
রাতে তাঁরা ওই নারীকে নিয়ে একটি বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। এ সময় হঠাৎ শ্যামল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তার ছোট ভাই কৃষ্ণ শর্মা নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণ শর্মা কয়েকজনের নাম উল্লেখ করে ডোমার থানায় মামলা করেছেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ বলা যাচ্ছে না।

