ঠাকুরগাঁও প্রতিনিধি:১১ দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে ছাত্রদলের জেলা সভাপতি মো:সুমন বলেছেন, জুলাই আন্দোলনকে পুঁজি করে যাদের হাতে আন্দোলনকারীদের রক্ত লেগে আছে, তাদের বিরুদ্ধে জোটটির দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। বরং তারা সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে।
তিনি বলেন, ‘কয়েকদিন আগেও ১১ দলীয় জোটের একজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছিলেন, তাঁদের দাবি মেনে নেওয়া হলে রাজপথে ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে। আমরা বলতে চাই, তাঁরা তাঁদের দোসরদের সঙ্গে এবং ফ্যাসিস্টদের সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে সাধারণ মানুষের সহানুভূতি নিয়ে রাজনীতি করছেন।
ছাত্রদলের ওই নেতা আরও বলেন, ছাত্রদল সব সময় রাজপথে সজাগ রয়েছে। দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
আজ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল বর্তমানে নীরব ভূমিকা পালন করছে। তাঁর দাবি, দলটি জুলাই আন্দোলনের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, কিন্তু আন্দোলনে নিহতদের রক্তের জন্য দায়ীদের বিরুদ্ধে রাজপথে কোনো বক্তব্য দিচ্ছে না।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বিরোধী দলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং নিজেদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

