হামলা ও ভাঙচুর মামলায় আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

 নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর ডোমারে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ডোমার উপজেলার চিলাহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মাস্টারপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. তারিক আকরাম তপন (৫৫), উত্তর কেতকীবাড়ি এলাকার মৃত মুসাহাক আলীর ছেলে ও কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন (৫০) এবং ভোগডাবাড়ি ইউনিয়নের মৃত গেলেমান আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪২)। তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে নির্বাচনি প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, হামলা ও ভাঙচুরের মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

Share This Article
Leave a Comment