ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

 

ঠাকুরগাঁওপ্রতিনিধি : ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতীক বরাদ্দের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন।

ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতীক বরাদ্দ অনুযায়ী, বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন পেয়েছেন ধানের শীষ। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক। খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী পেয়েছেন বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।

প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান। তিনি সংঘাত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রার্থীদের প্রতি অনুরোধ জানান।

নির্বাচন সামনে রেখে আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

Share This Article
Leave a Comment