অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: ভিডিও থেকে নেওয়া

নিজস্ব প্রতিবেদক :শ্রমিক আন্দোলনের আড়ালে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাঁদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সহানুভূতিশীলভাবে ন্যূনতম মজুরি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন। শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কর্মকাণ্ডকে এক করে দেখা উচিত নয় বলেও তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গতকাল মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সোমবার বোর্ডের প্রথম সভা হতে পারে অথবা শিগগিরই সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে সড়ক-মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনার পেছনে যারা ইন্ধন দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, কিছু শিল্পমালিক এবং শ্রমিক সংগঠনের ব্যানারে থাকা ব্যক্তিরাও এসব ঘটনায় জড়িত। শ্রমিকদের কল্যাণে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

সরকারকে বিনিয়োগ ও শিল্পবান্ধব উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রপ্তানি বৃদ্ধি, বাণিজ্যের প্রসার এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং তাঁদের স্বার্থ সংরক্ষণেও সরকার কাজ করবে বলে জানান তিনি।

Share This Article
Leave a Comment