ঠাকুরগাঁওয়ে ৮৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মদসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে ৮৫০টি নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিদেশি মদ ও দেশীয় চোলাই মদসহ মো. স্বপন ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার ৯ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে। রোববার (২২ নভেম্বর) রাত পৌনে দুইটার দিকে ইউনিয়নের হরিনারায়ণপুর মাস্টারপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শয়নকক্ষের দরজা খুলে পালানোর চেষ্টা করেন স্বপন। এ সময় পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।

পরে তাঁর শয়নকক্ষের শোকেসের নিচের ড্রয়ারে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৮৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ৭৫০ মিলিলিটারের একটি বোতলে বিদেশি মদ এবং ২৫০ মিলিলিটারের চারটি বোতলে মোট এক লিটার দেশীয় চোলাই মদ পাওয়া যায়। এ সময় মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৮০ টাকাও জব্দ করে পুলিশ।

এজাহারে উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের অবৈধ বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা, বিদেশি মদের মূল্য ৪ হাজার টাকা এবং দেশীয় চোলাই মদের মূল্য ৫০০ টাকা উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, স্বপন দীর্ঘদিন ধরে এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিদেশি মদ ও দেশীয় চোলাই মদ বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করার প্রক্রিয়া নেওয়া হয়েছে।

গ্রেপ্তার স্বপন ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়ণপুর মাস্টারপাড়া গ্রামের মোকাররম হোসেনের ছেলে।

Share This Article
Leave a Comment