একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে রিজভী

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় ছবি ও মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এ চেষ্টা সফল হবে না।

রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটির লেখক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান।

রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত কিছু ব্যক্তি এআই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অসত্য তথ্য ও প্রচারণা ছড়াচ্ছেন। অতীতে ইতিহাস ও তথ্য বিকৃতির মাধ্যমে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল। এখনো একই কৌশলে ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, তাঁর সঙ্গে কারাগারে থাকা মনির নামে এক কর্মীকে গুম করা হয়েছে। পাশাপাশি গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। রিজভীর মতে, অতীতে গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি বন্ধ হয়নি।

তবে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, নানা ঘটনার মধ্যেও সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি মোকাবিলা করছে। আগের শাসনামলে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার কিংবা রক্তপাতের ঘটনা ঘটত বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বর্তমান সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনে আদালতের মুখোমুখি করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তাঁর মতে, অপরাধের বিচার হতে হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই।

বক্তব্যে অতীতের কয়েকটি ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এ ছাড়া প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।

গ্রন্থটি নিয়ে আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।

Share This Article
Leave a Comment