নিজস্ব প্রতিবেদক:যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার গ্রিনএকরস এলাকায় নয়জন আরোহী নিয়ে একটি বেসরকারি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার আগে উড়োজাহাজটির পাইলট আকাশপথে নিয়ন্ত্রণকক্ষকে পরিস্থিতির ভয়াবহতা জানিয়ে জরুরি বার্তা পাঠান। শেষ মুহূর্তে তাঁর কণ্ঠে শোনা যায়, ‘আমরা মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হতে যাচ্ছি।’
স্থানীয় সময় গতকাল রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনায় উড়োজাহাজটির সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে দ্রুত নিচে নেমে উড়োজাহাজটি একটি ব্যস্ত সড়কের পাশে আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে বিস্ফোরণ ও আগুনের সৃষ্টি হয়। দুর্ঘটনাস্থলে সড়কের ওপর বড় গর্ত তৈরি হয় এবং আশপাশে ছড়িয়ে পড়ে উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।
পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তদন্তে সহায়তা করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) একটি দল পাঠাচ্ছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, উড়োজাহাজের আরোহীদের বাইরে ভূমিতে থাকা কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বলেন, উড়োজাহাজটি আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের মতো নিচে নেমে এসেছিল। এর আঘাতে সড়কের পাশে বড় গর্ত তৈরি হয়েছে।
দুর্ঘটনার আগে কী ঘটেছিল
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিং ও ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য বিশ্লেষণে উড়োজাহাজটির শেষ মুহূর্তের বেশ কিছু তথ্য সামনে এসেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় পূর্ব দিকে উড়ে যাওয়ার সময় পাইলটেরা প্রতিকূল আবহাওয়ার মুখে পড়েন। তাঁরা ঝাঁকুনি, বৃষ্টিপাত ও উড়োজাহাজে বরফ জমার কথা নিয়ন্ত্রণকক্ষকে জানান। পরিস্থিতি মোকাবিলায় আরও দুই হাজার ফুট ওপরে ওঠার অনুমতিও চান।
দুর্ঘটনার কয়েক মিনিট আগে পাইলট জানান, উড়োজাহাজে কিছুটা স্বচ্ছ বরফ জমছে এবং মাঝারি মাত্রার ঝাঁকুনি হচ্ছে। এ কারণে উড়োজাহাজটি প্রায় ৭০০ ফুট পর্যন্ত ওঠানামা করছিল।
এরপর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। উড়োজাহাজটি আশঙ্কাজনক গতিতে উচ্চতা হারাতে শুরু করলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। রেডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা ৮ হাজার ফুট নিচে নেমে যাচ্ছি—মেডে, মেডে। আমরা প্রতি মিনিটে ১০ হাজার ফুট নিচে নামছি।’
এর কিছুক্ষণ পর পাইলট আরও জানান, উড়োজাহাজটির গতি নিয়ন্ত্রণের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং এটি প্রতি মিনিটে ২০ হাজার ফুট বেগে নিচে নামছে। শেষ মুহূর্তে তাঁর কণ্ঠে শোনা যায়, ‘আমরা মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হতে যাচ্ছি।’
ফ্লাইটের তথ্য অনুযায়ী, একপর্যায়ে উড়োজাহাজটির নিচে নামার গতি প্রতি মিনিটে ৩০ হাজার ফুট পর্যন্ত পৌঁছায়। ভূমিতে আঘাত করার ঠিক আগে এটি ডান দিকে মারাত্মকভাবে কাত হয়ে পড়েছিল।
৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে
ফেডারেল কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছেন। এদিকে নিরাপত্তার স্বার্থে পাম বিচ কাউন্টির কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলের কাছের একটি মোবাইল হোম এলাকায় বসবাসকারী প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ।
পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গ্রিনএকরস এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। প্রায় ৪৫ হাজার বাসিন্দার শহরটি ওয়েস্ট পাম বিচের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
দুর্ঘটনার সময় ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। অতিবৃষ্টির কারণে সোমবার বিকেল পর্যন্ত বন্যার সতর্কতা জারি ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা।
অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জিম রেনল্ডস জানিয়েছেন, উড়োজাহাজটি ব্যক্তিমালিকানাধীন ছিল। তবে এতে কারা ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং আবহাওয়ার ভূমিকা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

