মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে। অন্যদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে ঝড়টির অগ্রভাগ নির্ধারিত সময়ের আগেই স্থলভাগে প্রবেশ করে।

ঘণ্টায় বাতাসের গতি ১৩৫ কিলোমিটার পর্যন্ত

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়টির মূল অংশ অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করছে। এর প্রভাবে উপকূলজুড়ে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। ঝড়ের স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া কয়েক ঘণ্টা ধরে চলতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিমান চলাচলে বিঘ্নের আশঙ্কা

ঘূর্ণিঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণ ওড়িশার ভুবনেশ্বরসহ বিভিন্ন এলাকায় বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের গতিপথ ও আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে হায়দরাবাদ, বারাণসী, প্রয়াগরাজ ও গোরখপুরেও ফ্লাইট চলাচলে বিলম্ব হতে পারে।

প্রস্তুত ২ হাজার ১৯৯টি আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেয় অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাজ্যজুড়ে ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্যও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

 


 

Share This Article
Leave a Comment