নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাজ্জাদ হোসাইন হৃদয়কে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ কারণে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন সাজ্জাদ। সেখানে তিনি উল্লেখ করেন, ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির বড় একটি অংশ ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে।
ওই পোস্টে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানানোর কথাও উল্লেখ করেন চবি ছাত্রদলের এই নেতা।

