মাগুরা প্রতিনিধি: মাগুরার সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিল এসেছে। অস্বাভাবিক এই বিল নিয়ে এলাকায় বিস্ময় তৈরি হয়েছে।
মিটার রিডিংয়ের তথ্য অনুযায়ী, গত ৮ আগস্ট আলেয়া খাতুনের মিটারে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ ছিল ১৬০ ইউনিট। এক মাস পর, ৮ সেপ্টেম্বর সেই রিডিং বেড়ে দাঁড়ায় ৩৯৫ ইউনিটে। অর্থাৎ ওই এক মাসে তাঁর বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট।
তবে এই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের জন্য স্বাভাবিক হিসাবে বিল হওয়ার কথা প্রায় ১ হাজার ৯৬৩ টাকা। এর পরিবর্তে কয়েক শ কোটি টাকার বিল আসায় বিষয়টি নজরে আসে।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম বলেন, মিটার পরিবর্তনের সময় সিল নম্বরের একটি ডিজিট ভুল করে ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং করা হয়েছিল। এ কারণেই অস্বাভাবিক এই বিল তৈরি হয়েছে।
তিনি জানান, বিলটি সংশোধন করা হবে। একই সঙ্গে কীভাবে এ ধরনের ভুল হয়েছে, তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

