নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের বিরুদ্ধে করা আত্মহত্যার প্ররোচনার মামলায় বাদীপক্ষের সঙ্গে আপস হয়েছে। নিহত মরিয়ম খাতুনের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ আদালতে জানিয়েছেন, আসামিদের জামিনে তাঁর কোনো আপত্তি নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দেন মরিয়মের বাবা। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করেছেন।
ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী মাহবুবুর রহমান জানান, আপসের ভিত্তিতে কারাগারে থাকা গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিনের আবেদন করা হয়েছে। শুনানির সময় বাদী আদালতে উপস্থিত থেকে দুই আসামির জামিনে তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন। তবে আদালত এ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। ঘটনার সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
পরে সিআইডির সহায়তায় দরজা খুলে পুলিশ ভেতরে প্রবেশ করে। সেখান থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের লাশ উদ্ধার করা হয়। তাঁর কক্ষে কয়েকটি চিরকুটও পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছিল।
ঘটনার পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।
মামলা হওয়ার পর রাতেই গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মাকছুদাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনিও কারাগারে রয়েছেন।

