নিউজ ডেস্ক: জ্বালানি তেল ও বিদ্যুতের পর এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বারবার নিন্দা জানাতে জানাতে ‘নিন্দা’ শব্দটিরও যেন ওজন কমে যাচ্ছে।
আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এলপিজির দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এলপিজির দাম বাড়ানোর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এটার তীব্র নিন্দা জানাই। নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে।’
তিনি প্রশ্ন রাখেন, নিন্দা শব্দেরও তো একটি ওজন আছে। এরপর তিনি বলেন, ছয় মাসের মধ্যে তিনবার তেলের দাম বাড়ানো হয়েছে, পাশাপাশি বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে। এসব সিদ্ধান্তের জন্য শুধু নিন্দা নয়, ঘৃণা প্রকাশ করা উচিত।
এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘অবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করুন।’
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারকে জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, টাকার সংকটের সুযোগ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট ব্যবসার মাধ্যমে নেতা-মন্ত্রীদের সন্তান, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের পকেটে অর্থ যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কোথায় দাম বাড়ানো হবে, কোথায় বড় প্রকল্প নেওয়া হবে—এসব নানা প্রক্রিয়ায় আয়ের পথ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ারের ভাষায়, এসব কর্মকাণ্ড যেন আয়-উপার্জনের জন্য তৈরি করা একটি হাট, যেখানে পরে ভাগ-বাঁটোয়ারা করা হচ্ছে।

