সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ওপর কয়েক দফায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের নবীনবরণ উপলক্ষে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে পৃথক মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। মিছিল দুটি গোবিন্দগঞ্জ পয়েন্টে মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে গড়ায়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ পয়েন্টে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পাশাপাশি সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজট দেখা দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন বলে জানা যায়নি।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত বলেন, কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষ মিছিল নিয়ে মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যানবাহন চলাচলও স্বাভাবিক করা হয়।

