জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে ওই দুই কর্মকর্তাকে আহত করে মোটরসাইকেলে পালিয়ে যায় হেলমেট পরা চার ব্যক্তি।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে আদমদিঘী হাসপাতালে ভর্তি করেন।
ব্যাংকের এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করা হয়। এর সঙ্গে তাঁর কাছ থেকে আরও চার লাখ টাকা নিয়ে মোট ৩৪ লাখ টাকা নিয়ে দুই কর্মকর্তা মোটরসাইকেলে করে সান্তাহার থেকে আবাদপুকুরের দিকে যাচ্ছিলেন।
তিনি বলেন, পথে পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে চার ব্যক্তি এসে তাদের পথরোধ করেন। তাদের সবার মাথায় হেলমেট ছিল। এরপর লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে মারধর করে তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
ফিরোজ হোসেন আরও বলেন, হামলায় ব্যাংকের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি রাণীনগর থানা পুলিশকে জানানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

