স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ভোটাভুটি শেষ হয়েছে। বিশ্বের শীর্ষ ১০০ দেশের ১০০ সাংবাদিকের ভোটে নির্ধারিত হবে এবারের সেরা পুরুষ ফুটবলারের নাম। তবে এখনো স্পষ্ট নয়, শেষ পর্যন্ত কার হাতে উঠছে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার।
ফ্রান্স ফুটবল ঘোষিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে বিজয়ী নির্বাচনের জন্য ভোট দেওয়ার সময়সীমা শেষ হয়েছে সোমবার। এবার প্রতিদ্বন্দ্বিতাটি বেশ উন্মুক্ত হওয়ায় সম্ভাব্য বিজয়ীর নাম নিয়ে চলছে নানা আলোচনা।
যেভাবে নির্বাচিত হন বিজয়ী
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ব্যালন ডি’অরের ভোট দেন। প্রত্যেক ভোটার ১০ জন খেলোয়াড়কে পছন্দের ক্রম অনুযায়ী নির্বাচন করেন। প্রথম থেকে দশম পর্যন্ত অবস্থানের জন্য নির্ধারিত থাকে যথাক্রমে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট।
সব ভোটের পর যে খেলোয়াড় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেন, তিনিই পান ব্যালন ডি’অর।
ভোট দেওয়ার সময় মূলত তিনটি বিষয় বিবেচনায় নেওয়া হয়—ব্যক্তিগত পারফরম্যান্স ও ম্যাচের ফলাফলে অবদান, দলীয় সাফল্য এবং খেলোয়াড়ের সামগ্রিক মান ও ক্রীড়াসুলভ আচরণ।
কারা আলোচনায়?
এবারের ব্যালন ডি’অরের দৌড়ে একক কোনো খেলোয়াড়কে স্পষ্ট ফেভারিট বলা কঠিন। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপে প্রকাশ্যেই নিজেদের সম্ভাব্য বিজয়ী হিসেবে দাবি করেছেন। তবে তাদের এমন বক্তব্য নিয়ে সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকদের কেউ কেউ সমালোচনাও করেছেন।
বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত সময় কাটানো হ্যারি কেইনের গোলসংখ্যাও তাকে আলোচনায় রেখেছে। অন্যদিকে ৩৯ বছর বয়সেও লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্স তাকে সম্ভাব্য বিজয়ীদের তালিকায় রেখেছে। বিশ্বকাপ জিততে না পারলেও নবমবারের মতো ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে মেসিকে ঘিরে।
ফ্রান্সে আবার প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়দের নিয়েও জোর আলোচনা চলছে। ক্লাবটির দুর্দান্ত সাফল্যের কারণে খভিচা কভারাতস্খেলিয়া, উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজের নাম উঠে আসছে। স্পেনের তরুণ তারকা ইয়ামালের পাশাপাশি গোল্ডেন বলজয়ী রদ্রির নামও সম্ভাব্য বিজয়ীদের তালিকায় রয়েছে।
বেটিং মার্কেটে অবশ্য হ্যারি কেইনকে এগিয়ে রাখা হচ্ছে। এরপরই রয়েছেন ইয়ামাল ও এমবাপে। শীর্ষ পাঁচে আরও আছেন মেসি ও রদ্রি।
কবে জানা যাবে বিজয়ীর নাম?
২০২৬ সালের ব্যালন ডি’অর প্রদান করা হবে আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে। পুরস্কারটির ৭০তম বার্ষিকী উপলক্ষে আয়োজনে উপস্থিত থাকবেন প্রায় দুই হাজার অতিথি।
১৯৫৬ সালে ব্যালন ডি’অরের প্রথম বিজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথুসকেও অনুষ্ঠানে সম্মান জানানো হবে। ভোটাভুটি শেষ হলেও অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ২৬ অক্টোবরই জানা যাবে, শেষ পর্যন্ত এবারের ব্যালন ডি’অর উঠছে কার হাতে।

