ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রঞ্জন বর্মন (১৯) নামে এবং আরও একজন চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গড়েয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি গড়েয়া এলাকা থেকে ঠাকুরগাঁও জেলা সদরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা কয়েকজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রঞ্জন বর্মনকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বলেন, গড়েয়া এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

