অবৈধভাবে মজুত ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে নিবন্ধন ছাড়াই সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক অভিযানে তাঁদের কাছ থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে অভিযান দুটি পরিচালনা করা হয়।
অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়াই সার মজুত ও বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদামে থাকা ১৩০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।

অন্যদিকে ব্যবসায়ী আবদুল মান্নানের একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা বিভিন্ন ধরনের ২৫১ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জব্দ করা সার সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আবদুল মান্নানের গোডাউন থেকে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে রেখে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগামী বুধবার সকাল থেকে জব্দ করা সারগুলো ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।
একটি অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। অপর অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment