মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
নেতাকর্মীদের মিষ্টি বিতরণ। ছবি: দৈনিক উত্তর দিগন্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দেওয়ার খবরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল থেকে শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশ করেন। কোথাও মিষ্টি বিতরণ, কোথাও একে অপরকে শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তার মতো অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিককে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবরে তারা আনন্দিত।

ঠাকুরগাঁওয়ের কয়েকজন বাসিন্দা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের জেলার সন্তান। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে তার ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি পদে তার মনোনয়নের খবরকে তারা নিজেদের জন্যও গর্বের বিষয় হিসেবে দেখছেন।

এদিকে আনন্দ প্রকাশকারীরা মিষ্টি বিতরণের পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য শুভকামনা জানান। রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পেলে দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশার কথাও জানান স্থানীয়রা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে তাই তার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।

Share This Article
Leave a Comment