ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ ভারতীয় মনোগোল্ড সিরাপ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি)। ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা, ভারতীয় নেশাজাতীয় ‘মনোগোল্ড’ সিরাপ ও একটি মুঠোফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৭ আগস্ট বিকেলে উপজেলার উজিরমনি চোষপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তি হলেন মো. তৈমুর রহমান (৩৫)। তিনি উজিরমনি চোষপাড়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অভিযানটি পরিচালনা করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানের দিকনির্দেশনায় হাবিলদার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযানে অংশ নেয়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, ১৭ আগস্ট আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্ত পিলার ৩৭৯/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উজিরমনি চোষপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তৈমুর রহমানকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ভারতীয় নেশাজাতীয় মনোগোল্ড (ফেন্সিডিল সদৃশ) সিরাপের দুই বোতল এবং সিমসহ একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মোট সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি বলছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে বাহিনীটি।

সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সন্দেহজনক কর্মকাণ্ড বা মাদক ও চোরাচালানসংক্রান্ত তথ্য বিজিবিকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment