ডেস্ক নিউজ
জয়পুরহাটের কালাই উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী মাছুদা বেগমকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে। নির্যাতনের পর গুরুতর অসুস্থ হয়ে সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মারা গেছেন ওই গৃহবধূ। এ ঘটনায় মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মাছুদা বেগম ক্ষেতলাল উপজেলার দাশড়া গ্রামের মৃত আব্দুস সামাদের মেয়ে। তাঁর স্বামী মেহেদী হাসান কালাই উপজেলার হারুঞ্জা শাহাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। প্রায় ২০ বছর আগে তাঁদের বিয়ে হয়। দম্পতির ১৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে বিভিন্ন সময় মাছুদার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন মেহেদী হাসান। একপর্যায়ে মাছুদা তাঁর পৈতৃক সূত্রে পাওয়া ২০ শতক জমির অংশ বিক্রি করে এক লাখ টাকা দেন। এরপরও আরও পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেওয়া হয়। টাকা দিতে না পারায় তাঁকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের ভেতর উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স দিয়ে তাঁর মুখে আঘাত করা হয় এবং এতে দুটি দাঁত ভেঙে যায়। অভিযোগ রয়েছে, গরম কাস্তে দিয়ে তাঁর হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়। একপর্যায়ে মাছুদা অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় মাছুদার ভাই বছির উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে শুক্রবার রাতে কালাই থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
বছির উদ্দিন বলেন, তাঁর বোনকে ‘পৈশাচিকভাবে’ নির্যাতন করা হয়েছে। সাত দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করার পর ভুক্তভোগীর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

