উত্তর দিগন্ত ডেস্ক
কনটেন্ট নির্মাতাদের আয় বা মনিটাইজেশন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন নিয়মে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে হলে নির্মাতাদের আগের তুলনায় আরও বেশি ওয়াচটাইম ও ভিউ অর্জন করতে হবে।
নতুন নীতিমালা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে বিশেষ করে নতুন ও ছোট কনটেন্ট নির্মাতাদের ওপর চাপ বাড়তে পারে।
দ্বিগুণ হচ্ছে ওয়াচটাইম ও শর্টস ভিউয়ের শর্ত
নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় চালু করতে একটি চ্যানেলে গত ১২ মাসে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম থাকতে হবে।
অন্যদিকে, শর্টসের মাধ্যমে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে গত ৯০ দিনে অন্তত ২ কোটি ভিউ প্রয়োজন হবে।
বর্তমানে বিজ্ঞাপনের আয় চালুর জন্য প্রয়োজন ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা গত ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ। অর্থাৎ নতুন নিয়মে এই দুই ক্ষেত্রের লক্ষ্যমাত্রাই দ্বিগুণ করা হচ্ছে।
তবে চ্যানেলে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকার শর্তটি আগের মতোই থাকবে।
আগে থেকেই মনিটাইজড চ্যানেলেও প্রভাব
নতুন নিয়মের প্রভাব শুধু নতুন নির্মাতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আগে থেকেই মনিটাইজেশন পাওয়া শর্টস নির্মাতাদেরও নির্দিষ্ট পরিমাণ ভিউ ধরে রাখতে হবে।
শর্টস থেকে নিয়মিত আয় চালু রাখতে গত ৯০ দিনের মধ্যে কমপক্ষে ১ কোটি যোগ্য ভিউ অর্জন করতে হবে।
কোনো চ্যানেলের ভিউ নির্ধারিত সীমার নিচে নেমে গেলে শর্টস থেকে আয় সাময়িকভাবে বন্ধ হতে পারে। তবে এতে চ্যানেলের মূল মনিটাইজেশন বাতিল হবে না। পরবর্তীতে ভিউ আবার প্রয়োজনীয় সীমায় পৌঁছালে শর্টস থেকে আয় স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার সুযোগ থাকবে।
কেন নিয়ম বদলাচ্ছে ইউটিউব?
ইউটিউব জানিয়েছে, ২০১৮ সালের পর এবারই মনিটাইজেশন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এর অন্যতম কারণ হলো প্ল্যাটফর্মে শর্টস ভিডিওর ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবহার বৃদ্ধি।
২০২৪ সালে প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার কোটি শর্টস দেখা হলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে ২০ হাজার কোটি ছাড়িয়েছে।
ফলে শর্টসের দ্রুত বিস্তারের সঙ্গে সামঞ্জস্য রেখে মনিটাইজেশন ব্যবস্থায় নতুন শর্ত যুক্ত করছে প্ল্যাটফর্মটি।
তবে যারা ইতোমধ্যে শর্টস থেকে নিয়মিত ভালো আয় করছেন, তাদের ওপর নতুন নিয়মের প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছোট নির্মাতাদের জন্য থাকছে বিকল্প সুযোগ
ছোট কনটেন্ট নির্মাতাদের জন্য অবশ্য পুরোপুরি দরজা বন্ধ করছে না ইউটিউব।
৫০০ সাবস্ক্রাইবার, গত ৯০ দিনে অন্তত তিনটি ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৩০ লাখ শর্টস ভিউ থাকলে নির্মাতারা প্রাথমিক স্তরের মনিটাইজেশন সুবিধায় যুক্ত হতে পারবেন।
এই স্তরে সরাসরি বিজ্ঞাপন থেকে আয় করার সুযোগ না থাকলেও ইউটিউব শপিং ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করার মতো বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
প্রিমিয়াম লাইট থেকেও বাড়তে পারে নির্মাতাদের আয়
ভিডিও নির্মাতাদের জন্য আরও একটি নতুন পরিকল্পনা করছে ইউটিউব। প্রতিষ্ঠানটি ‘ইউটিউব প্রিমিয়াম লাইট’ নিয়ে নতুন উদ্যোগ নিচ্ছে।
এই সেবায় গ্রাহকদের কাছ থেকে পাওয়া সাবস্ক্রিপশন আয়ের নিট ৬০ শতাংশ নির্মাতাদের জন্য নির্ধারিত তহবিলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। যেখানে পূর্ণাঙ্গ ইউটিউব প্রিমিয়ামের ক্ষেত্রে এই হার ৩০ শতাংশ।
নির্মাতারা কতক্ষণ ভিডিও দেখেছেন, সেই হিসাবের ভিত্তিতে তহবিলের অর্থ তাদের মধ্যে বণ্টন করা হবে।
ফলে নতুন নিয়মে মনিটাইজেশনের যোগ্যতা অর্জন কঠিন হলেও, ছোট ও উদীয়মান নির্মাতাদের জন্য বিকল্প আয়ের পথ তৈরি রাখার চেষ্টা করছে ইউটিউব।

