তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি : সংগৃহীত

ডেস্ক নিউজ

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন থানাটি পরিদর্শন করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার অবকাঠামো এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও ডাইনিং স্পেস পরিদর্শন করেন।

ব্যারাক পরিদর্শনকালে পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী। পাশাপাশি নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কর্মপরিবেশ নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও সরাসরি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি ও অভিযোগ করতে আসা কয়েকজনের সমস্যার কথা শোনেন তিনি। এসব অভিযোগ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবা দেওয়া। প্রতিটি থানাকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। নাগরিকেরা যেন কোনো ধরনের ভয় বা মধ্যস্থতা ছাড়াই সরাসরি থানায় এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment