ডেস্ক নিউজ
যশোরের মণিরামপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাঁওড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ছয় বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং একই গ্রামের মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাঁওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়।
শিশু দুটির পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই শিশুর মৃত্যু হয়।
একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে হাজরাকাটি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শিক্ষক আহাদ আলী ও শোহান খান।

