নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন। এ সময় বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকও রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়া। এর বাইরে সাইডলাইনে বিভিন্ন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকের সিদ্ধান্ত সাধারণত সফরের শেষ সময়ে চূড়ান্ত হয়।
তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে বৈঠক করবেন, তা চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।
এদিকে সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

