ডেস্ক নিউজ: ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পরবর্তী সময়ে আর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃত নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাদ পড়েছে, তাদের ৮ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, নির্ধারিত সময় শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে।
এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে এসে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও আজকের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

