গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছত্রভঙ্গ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিক আন্দোলনের প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় এখনো ৫০টি কারখানা বন্ধ রয়েছে।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে জেলার মাওনা, বাংলাবাজার, নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় ৫০টি কারখানা এখনো বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, জেলার অন্যান্য এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ধীরে ধীরে কারখানাগুলো চালু হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোও দ্রুত চালুর বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।

Share This Article
Leave a Comment