৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
এআই জেনারেটেড প্রতীকী ছবি

ডেস্ক নিউজ: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের দাপ্তরিক কাজের চাপ কমাতে প্রতিটি বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী নিয়োগের প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে অফিস সহকারী না থাকায় শিক্ষকদেরই বিভিন্ন দাপ্তরিক কাজ করতে হয়। এতে তাদের ওপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হচ্ছে।

এ সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি)-এর আওতায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী নিয়োগের প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। পিইডিপিতে প্রস্তাবটি অনুমোদিত হলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ধর্মীয় শিক্ষা, আর্ট বা চারুকলা এবং সংগীতচর্চা বাধ্যতামূলকভাবে চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে।

সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি সৃজনশীল ও নৈতিক বিকাশের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share This Article
Leave a Comment