ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর লোগো

ডেস্ক নিউজ: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিনজন ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারীদের একজন জেলা বিএনপির নেতা ওবায়দুল্লাহ মাসুদ। ফরম সংগ্রহের পর তিনি বলেন, ‘৪৩ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৮৯ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজের জিএস এবং ১৯৯০ সালে ভিপি ছিলাম। গত ১৭ বছরে অনেক হামলা-মামলার শিকার হয়েছি। দল ও প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলে আমি মনে করি, এই আসনটি দলকে উপহার দিতে পারব।’

এদিকে বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সাল আমিনের পক্ষেও মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তাঁর পক্ষে নয়াপল্টন থেকে ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

দলীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রি করা হয়েছে। পূরণ করা ফরম বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়। পরে সংসদ সচিবালয় আনুষ্ঠানিকভাবে আসনটি শূন্য ঘোষণা করে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার পর আসনটি শূন্য হওয়ায় বিএনপির দলীয় মনোনয়ন ঘিরে স্থানীয় নেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দলীয় মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার শেষে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনে রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে তাঁর ভাই মির্জা ফয়সাল আমিনকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।

Share This Article
Leave a Comment