বিনোদন ডেস্ক: ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবার। দেশে ফেরার পর বাঁধনের সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান বাঁধন নিজেই।
পোস্টে বাঁধন লেখেন, তাঁর ও তাঁর পরিবারের খোঁজ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁদের বাসায় এসেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রতিমন্ত্রীর আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাঁধন বলেন, ‘এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে ব্যক্তিগতভাবে যেমন আশ্বস্ত করেছে, তেমনি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার আস্থাকেও আরও দৃঢ় করেছে।’
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র দায়িত্বশীল ভূমিকা পালন করলে জনগণের আস্থার জায়গা আরও শক্তিশালী হয়।
ইতালিতে সাম্প্রতিক পরিস্থিতিতে পাশে দাঁড়ানো বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যাঁরা তাঁর ও তাঁর পরিবারের খোঁজ নিয়েছেন এবং মানবিক সহায়তা ও সমর্থন দিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।
বাঁধনের ভাষ্য, এই অভিজ্ঞতা তাঁকে আবারও মনে করিয়ে দিয়েছে—অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় শক্তি ঐক্য, সাহস ও পারস্পরিক দায়িত্ববোধ। মতের পার্থক্য থাকলেও একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস করা উচিত নয়।
শেষে তিনি বলেন, মানুষ যখন ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আরও বেড়ে যায়। একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।

