পীরগঞ্জে স্বামী পছন্দ না হওয়ায় কিশোরী গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সুমাইয়া আক্তার (১৬) নামের এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে বাবার বাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সুয়েলের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন মাস আগে সুমাইয়ার বিয়ে হয়। ভাদ্র কাটানি উপলক্ষে কয়েক দিন আগে তিনি বাবার বাড়িতে আসেন। শুক্রবার তাঁর স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। এ উপলক্ষে বাড়িতে মাংস রান্নাও করা হয়েছিল।

পরিবারের সদস্যরা দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যান। পরে তাঁরা বাড়িতে ফিরে ঘরের তীরের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় সুমাইয়াকে দেখতে পান। স্বজনেরা তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোমরাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, অল্প বয়সে বিয়ে হওয়ায় সুমাইয়া তাঁর স্বামীকে পছন্দ করতেন না। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত নয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, হাসপাতাল থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে।

Share This Article
Leave a Comment