আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
এরদোয়ান | ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে চান। দেশটির পরবর্তী নির্বাচন ওই বছরের মে মাসে হওয়ার কথা থাকলেও আগাম নির্বাচন হলে এপ্রিলেই ভোট হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তুরস্কের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মেহমেত উকুম বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, পার্লামেন্টের ৬০০ সদস্যের মধ্যে ৩৬০ জন আগাম নির্বাচনের পক্ষে ভোট দিলে ২০২৮ সালের এপ্রিলেই নির্বাচন আয়োজন করা সম্ভব।

তুরস্কের বর্তমান আইন অনুযায়ী, ২০২৮ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ের আগে নির্বাচন করতে হলে পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার সমর্থন দরকার।

দেশটির পার্লামেন্টে এরদোয়ানের দল একে পার্টি ও তাদের জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি—এমএইচপির মোট ৩২৬টি আসন রয়েছে। ফলে আগাম নির্বাচনের জন্য প্রয়োজনীয় ৩৬০ ভোট পেতে তাদের অন্য আইনপ্রণেতাদের সমর্থন প্রয়োজন হবে।

এরদোয়ানের নেতৃত্বাধীন সরকার এত দিন বলে আসছিল, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তাঁর রাজনৈতিক উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে আগাম নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

৭২ বছর বয়সী এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। তিন মেয়াদ প্রধানমন্ত্রী থাকার পর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে দেশটির শাসনব্যবস্থায় পরিবর্তন এনে প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়ানো হয়।

এরদোয়ান ২০১৮ ও ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হন। তবে বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় নির্ধারিত সময়ে ২০২৮ সালে নির্বাচন হলে তাঁর আরেকবার প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে। আগাম নির্বাচন হলে সেই পরিস্থিতি বদলাতে পারে।

২০২৩ সালের নির্বাচনের সময় এরদোয়ান বলেছিলেন, সেটিই হবে প্রেসিডেন্ট হিসেবে তাঁর শেষ মেয়াদ। সে সময় তিনি জনগণের কাছে তাঁকে আরেকবার দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: এএফপি

Share This Article
Leave a Comment