ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে অভিযান চালিয়ে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল (ফেন্সিডিলের বিকল্প)সহ মো. আলতাফুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)–এর অধীন নাগরভিটা বিওপির টহলদল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাগরভিটা বিওপির হাবিলদার মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তের মেইন পিলার ৩৭৭ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেলতলা এলাকায় অভিযান চালিয়ে আলতাফুর রহমানকে আটক করা হয়।
আটক আলতাফুর রহমান বেলতলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরনগর পোস্ট এলাকায়।
এ সময় তাঁর কাছ থেকে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)–এর অধিনায়ক।
একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

