নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে (বিআরটিএ)। পরিবহনমালিকদের ভাড়া বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে আজ সোমবার ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে নতুন ভাড়ার বিষয়ে সুপারিশ করা হয়েছে।
সুপারিশ অনুযায়ী, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা বাড়তে পারে। তবে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা আগের মতোই রাখার প্রস্তাব করা হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে বিআরটিএর বনানী কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে বৈঠক শেষ হয়।
বৈঠকে অংশ নেওয়া এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সিটি সার্ভিস ও দূরপাল্লার বাসের ভাড়া যথাক্রমে ১৮ ও ২০ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রাখার বিষয়েও মত দেওয়া হয়েছে।
তবে পরিবহনমালিকেরা এর চেয়ে বেশি ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তাঁদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে অন্তত ৪০ পয়সা বাড়ানোর প্রস্তাব ছিল। আলোচনার পর সেই দাবির তুলনায় কম হারে ভাড়া সমন্বয়ের সুপারিশ করা হয়েছে।
বিআরটিএ এখন এই সুপারিশ সরকারের কাছে পাঠাবে। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
জ্বালানি তেলের দাম বেড়েছে ২০ টাকা
এর আগে রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ার পরই বাসভাড়া সমন্বয়ের দাবি জানায় পরিবহনমালিকদের সংগঠন। এর ধারাবাহিকতায় সোমবার ভাড়া সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগেও কয়েক দফা ভাড়া সমন্বয়
চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা হয়। ২৩ এপ্রিলের প্রজ্ঞাপনে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকার মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এর আগে ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করা হলে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা এবং মহানগরের বাসে ৩৫ পয়সা ভাড়া বাড়ানো হয়েছিল। পরে ডিজেলের দাম ৫ টাকা কমলে ওই বছরের ৩১ আগস্ট বাসভাড়া আবার কমানো হয়।
২০২৪ সালের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ৩ টাকা কমার পরও ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন দূরপাল্লা ও মহানগরের ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৩ পয়সা কমানোর সুপারিশ করেছিল বিআরটিএ।

