নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতার কথা বলছে, তখন পলাতক ও পরাজিত শক্তি আবারও এক হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, একদিকে একজন পলাতক স্বৈরাচার ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলছেন। অন্যদিকে আরেকটি পক্ষ ডিসেম্বরেই সরকার পতনের কথা বলছে। তবে এসব নিয়ে সরকার ভীত নয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর মিলনায়তনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানাগার উপকরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহে সাবমারসিবল পাম্প বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, সরকারের এক ইঞ্চি জমিও কোনো অবৈধ দখলদারের দখলে থাকতে দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব সরকারি জমি দখল হয়েছে, সেগুলো পুনরুদ্ধার করে সরকারি ও জনগণের কাজে ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের জন্য ক্ষতিকর এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি। একইভাবে দেশের ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ডে কাউকে জড়িত না হওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছে সরকার। এর মধ্যেই ১৯৭১ সালের পরাজিত শক্তি আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, ‘একদল জান্নাতের টিকিট বিক্রি করে লাভ করতে পারেনি। এখন তারা এ দেশের মানুষকে দোজখে নিতে চায়।’
এর আগে প্রতিমন্ত্রী তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা প্রশাসক রায়হান কবীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

