প্রেমের টানে চীন থেকে রংপুরে, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: চীনা যুবক আয়ান ইসলাম ও বাংলাদেশি মেয়ে আবিদা

রংপুর প্রতিনিধি: মোবাইল অ্যাপে পরিচয়। এরপর প্রায় এক বছর ধরে নিয়মিত কথাবার্তা ও যোগাযোগ। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। শেষ পর্যন্ত সেই সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে এসে রংপুরের পীরগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক যুবক। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে দুই পরিবারের সদস্যদের সম্মতিতে পারিবারিকভাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ান ইসলামের আগের নাম ছিল ঝাওহুইয়ান। তাঁর বাড়ি চীনের সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টির ইয়াঙ্কু টাউনশিপের তুবা গ্রামে। আর নববধূ আবিদা সুলতানার বাড়ি পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে।

প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ঝাওহুইয়ানের সঙ্গে আবিদার পরিচয় হয়। নিয়মিত কথাবার্তা ও যোগাযোগের একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে আবিদাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ঝাওহুইয়ান।

গত ২৫ আগস্ট ভোরে বাংলাদেশে পৌঁছান তিনি। ঢাকায় পৌঁছানোর পর বাসে করে রংপুরে আসেন। পরে পীরগঞ্জে গিয়ে আবিদার সঙ্গে দেখা করেন। বিষয়টি দুই পরিবারের সদস্যদের জানানো হলে তাঁদের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিয়ের আগে গত ১০ সেপ্টেম্বর রংপুরে ইসলাম ধর্ম গ্রহণ করেন ঝাওহুইয়ান। এরপর তাঁর নাম রাখা হয় আয়ান ইসলাম। পরদিন বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আবিদার পরিবারের সদস্যরা জানান, আয়ানের সঙ্গে আবিদার আগে থেকেই যোগাযোগ ও সম্পর্ক ছিল। পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে। বিয়েতে দুই পরিবারেরই সম্মতি ছিল।

শানেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, তাঁদের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে তাঁদের বিয়ে হয়েছে।

চীন থেকে এক যুবক পীরগঞ্জে এসে বিয়ে করায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। নবদম্পতিকে দেখতে তাঁদের বাড়িতে ভিড় করছেন আশপাশের অনেক মানুষ।

দুই দেশের দুই তরুণ-তরুণীর পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়ের বন্ধনে। নতুন সংসার নিয়ে উচ্ছ্বসিত নবদম্পতি।

Share This Article
Leave a Comment