কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
নিখোঁজ কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের লাশ আজ উদ্ধার করা হয়েছে ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকায় নিজেদের বাসা থেকে বের হয়েছিল অপ্রতীম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়েছিল সে। এরপর আর বাসায় ফেরেনি।

ছেলেকে খুঁজে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর আগে ছেলেকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাহায্যের আবেদন জানিয়েছিলেন মা ড. নাহিদা বেগম। সেখানে তিনি জানান, শুক্রবার বিকেল তিনটা থেকে অপ্রতীমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি পাঞ্জাবি। মায়ের মুঠোফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে সে আর ফিরে আসেনি বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়ে ওই পোস্টে ড. নাহিদা বেগম লিখেছিলেন, ‘আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি—আমার ছেলেকে বাঁচান।’

অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ড. নাহিদা বেগম ও তাঁর পরিবারের সদস্যরা।

মরদেহ উদ্ধারের স্থান ও নিখোঁজ হওয়ার সময়ের তথ্য পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী উল্লেখ করা হয়েছে।

Share This Article
Leave a Comment