বরিশাল প্রতিনিধি: কারখানা খুলে দেওয়া, বকেয়া বেতন পরিশোধ এবং বহিষ্কারসংক্রান্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে বরিশালে ভুখা মিছিল ও সমাবেশ করেছেন ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকেরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরের নথুল্লাবাদ এলাকার ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের কারখানার সামনে থেকে মিছিলটি শুরু হয়। শ্রমিকেরা হাতে থালা-বাসন নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
মিছিল শেষে নথুল্লাবাদ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক সংগ্রাম পরিষদের সহসভাপতি জসিম উদ্দিন।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, শ্রম আইন অনুযায়ী বিভিন্ন দাবি জানানোয় শ্রমিকদের ছাঁটাইয়ের ভয় দেখানো হচ্ছিল। এর মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর থেকে কারখানাটি বন্ধ রাখা হয়েছে। পরে সব শ্রমিকের পাশাপাশি সাতজন শ্রমিককে পৃথকভাবে স্থায়ী বহিষ্কারের কথা উল্লেখ করে নোটিশ দেওয়া হয়।
তাঁরা আরও বলেন, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আগস্ট মাসের বেতনও শ্রমিকেরা পাননি। নিয়মতান্ত্রিকভাবে দাবি জানানোর পরও বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে একের পর এক শ্রমিককে ছাঁটাইয়ের মাধ্যমে ভীতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
সমাবেশ থেকে অবিলম্বে বহিষ্কারসংক্রান্ত নোটিশ প্রত্যাহার, কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।
পরে শ্রমিকেরা থালা-বাসন হাতে নিয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভুখা মিছিল করেন।

