ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি সার মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মজুদ করা সার জব্দ করে সরকারি নির্ধারিত দামে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের মধুপুর কালিতলা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মধুপুর কালিতলা বাজার এলাকায় মেসার্স হবিবর ট্রেডার্সের গোডাউনে নির্ধারিত সীমার অতিরিক্ত সার মজুদের অভিযোগ পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. হবিবর রহমানকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অতিরিক্ত মজুদ করা সার জব্দ করা হয়। পরে সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে ওই সার বিতরণ করা হয়।
অভিযান শেষে উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. আবুল কালাম আজাদ বলেন, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

