রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
2 Min Read

রাবি প্রতিনিধি:

রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিকিট পরীক্ষকদের (টিটি) বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।

আহত শিক্ষার্থীর নাম আইয়ুব। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা স্টেশনে গিয়ে অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা সেখানে বিক্ষোভ করছিলেন।

শিক্ষার্থীদের ভাষ্য, স্টেশনের গেটে আইয়ুবের সঙ্গে রেলওয়ে আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে থাকা টিটি ও রেলওয়ে নিরাপত্তারক্ষীরা তাঁকে মারধর করেন।

আইয়ুবের সহপাঠী নাইমুল ইসলাম অভ্র বলেন, মারধরের পর আইয়ুব মাটিতে পড়ে যান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, আইয়ুব বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন। কয়েকবার বমি করার পাশাপাশি তাঁর নাক দিয়ে রক্তপাত হয়েছে।

আহত শিক্ষার্থীকে দেখতে রামেক হাসপাতালে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রেলের কর্মচারীরা আইয়ুবকে মারধর করেছেন। তাঁর চিকিৎসার বিষয়ে নিউরোসার্জনের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উপাচার্য আরও বলেন, আইয়ুবের চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে রেলের নিরাপত্তারক্ষী, টিটি ও গার্ডসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণের প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অনুরোধ করা হয়েছে।

এদিকে ঘটনার প্রতিবাদে প্রথমে রাবি রেলওয়ে স্টেশন অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা মিছিল নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে যান। সেখানে গিয়ে স্টেশন ঘেরাও করে অবস্থান নেন তাঁরা।

এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর চিফ কমান্ড্যান্টের সই করা এক দপ্তরাদেশে অভিযুক্ত চারজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Share This Article
Leave a Comment