ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন দেলাওয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসেন। গত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা দেলোয়ার এবারও নির্বাচনে অংশ নিচ্ছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেলোয়ার হোসেন বলেন, ‘ঠাকুরগাঁওবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সহযোগিতা করেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি ঐতিহাসিক বিজয়ের প্রত্যাশা করছি।’
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার প্রসঙ্গে দেলোয়ার হোসেন বলেন, তিনি ঠাকুরগাঁওয়ের মানুষ হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ায় গর্বিত। মির্জা ফখরুল যে দলেরই হোন বা যে আদর্শেরই প্রতিনিধিত্ব করুন, তাঁর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওবাসী সম্মানিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতির সুস্থতা কামনা করে সবার জন্য নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন দেলোয়ার।
গত নির্বাচনে মির্জা ফখরুলের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ তুলে ধরে দেলোয়ার বলেন, ওই নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তাঁর ভাষ্য, মির্জা ফখরুল তখন তাঁর সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছিলেন এবং তাঁকে শেষবারের মতো নির্বাচিত করার জন্য ভোটারদের কাছে আবেদন জানিয়েছিলেন।

দেলোয়ার হোসেন বলেন, এবার মির্জা ফখরুল নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে আগের নির্বাচনে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা এবং ভোটারদের সমর্থনের ভিত্তিতে তিনি এবারও জনগণের কাছে যাওয়ার সুযোগ দেখছেন।
নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে দেলোয়ার বলেন, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

দেলোয়ারের দাবি, দীর্ঘ সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়। প্রায় সাড়ে চার বছর কারাগারে থাকার পাশাপাশি দীর্ঘ সময় রিমান্ডে নিয়ে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি।

বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করার কথা জানিয়ে দেলোয়ার বলেন, ছাত্র ও জাতীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ে তাঁর পরিচিতিকে তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজে লাগাতে চান।

নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা বলেন দেলোয়ার। একই সঙ্গে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, সারের সংকট নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, আগের নির্বাচনে বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ হাসপাতাল, ইপিজেড, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার মতো বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। এসব উদ্যোগ বাস্তবায়নে আগামী দিনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান দেলোয়ার হোসেন। একই সঙ্গে ২৯ অক্টোবর ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

Share This Article
Leave a Comment