ঢাকা প্রতিনিধি: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে অন্তত ৪০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত কার্যালয়টিতে পুলিশের অভিযান চলছিল।
আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, শনিবার দুপুরের পর জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। পরে যুবদলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভেতরে থাকা ব্যক্তিদের আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন। এ সময় কার্যালয়ের বাইরে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সাংবাদিকদের বলেন, কার্যালয়ের ভেতর আওয়ামী লীগের স্লোগান দেওয়া হচ্ছে। তাঁর দাবি, সেখানে ৪০০ থেকে ৫০০ লোক আটকা রয়েছেন এবং বাইরে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন। প্রশাসনের কাছে তিনি কার্যালয়ে থাকা ব্যক্তিদের নিয়ে যাওয়ার আহ্বান জানান।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বিকেল ৩টার দিকে পুলিশ জাসদ কার্যালয়ের তৃতীয় তলায় গিয়ে দেখতে পায়, সেখানে একটি বৈঠক চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন শনিবার বিকেল পৌনে ৫টায় বলেন, কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং ৪০ জনকে পল্টন থানায় নিয়ে যায়। তিনি জানান, তখনও অভিযান চলছিল।

