বরিশাল প্রতিনিধি: বাবাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে ছুটে এলো ছোট্ট মেয়েটি। সারা রাত না খেয়ে থাকা বাবার জন্য বাজারের দোকান থেকে রুটি ও চা কিনে এনে নিজের হাতে খাওয়াল সে। বাবা-মেয়ের এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে উপস্থিত অনেকেই। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
বাবাকে আটকে রাখার খবর পেয়ে আজ শনিবার সকালে বামরাইল বাজারে ছুটে আসে তাঁর মেয়েটি। সেখানে গিয়ে বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায় সে। এরপর বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে এনে বাবার মুখে নিজ হাতে খাবার তুলে দেয়।
ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে শিশুটিকে বাবার মুখে রুটি তুলে দিতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে মেয়েটি তাঁর কাছে ছুটে আসে। পরে খাবার কিনে এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি উপস্থিত অনেকের মন ছুঁয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চুরির অভিযোগের সত্যতা থাকলে সেটি আইনগতভাবেই নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবা-মেয়ের এই মুহূর্তটি ছিল আবেগঘন।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে উজিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও বাজার কমিটির সদস্যরা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেন।
উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক বলেন, চুরির অভিযোগে এক যুবককে স্থানীয়রা আটকে রেখেছে—এমন খবর পাওয়ার পর সেখানে পুলিশের একটি টহল দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেন বলে তাঁরা জানতে পেরেছেন।

