উপহার নয়, বিয়েতে চাওয়া হলো শুধু দোয়া

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি: বিয়েবাড়িতে অতিথিদের আনাগোনা। বর-কনেকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। তবে কারও হাতে নেই উপহারের প্যাকেট, নেই খাম দেওয়ার আনুষ্ঠানিকতা। কারণ বিয়েবাড়ির প্রবেশপথেই টাঙানো হয়েছে একটি প্ল্যাকার্ড—‘বিয়েতে কোনো ধরনের উপহার গ্রহণ করা হয় না।’

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের একটি বিয়ের আয়োজনে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কনের পরিবার। তাঁদের চাওয়া, উপহারের পরিবর্তে অতিথিরা শুধু উপস্থিত থাকবেন এবং নবদম্পতির জন্য দোয়া করবেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামিয়া ইসলামের বিয়েতে পরিবারের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগটি অতিথিদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।

বিয়েবাড়ির সামনে টাঙানো প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘সামিয়া ইসলামের শুভ বিবাহ। সম্মানিত অতিথি, বিয়েতে কোনো ধরনের উপহার গ্রহণ করা হয় না। আপনাদের উপস্থিতিতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কন্যার জন্য আপনাদের দোয়াই আমাদের সেরা উপহার।’
সামাজিকভাবে বিয়েতে উপহার দেওয়া-নেওয়া দীর্ঘদিনের প্রচলিত রীতি। অনেক সময় সামাজিকতা কিংবা সম্পর্কের মর্যাদা রক্ষার জন্য অতিথিদের সামর্থ্যের বাইরে গিয়েও উপহার দিতে হয়। এমন বাস্তবতায় উপহার না নেওয়ার সিদ্ধান্তটি ভিন্নভাবে নজর কেড়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সামিয়া ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রীতিলতা হলের নির্বাচিত কমনরুম সম্পাদক। তিনি পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট আজহারুল উলুম হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল ইসলাম কাইয়ুমের মেয়ে।

সামিয়ার বর নাসরুল্লাহ আল মারুফ আমেরিকা প্রবাসী। তিনি উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার আওয়াল মাস্টারের ছেলে।
সামিয়ার ছোট চাচা এস এম রায়হান বলেন, বিয়েতে উপহার না নেওয়ার সিদ্ধান্ত পরিবারের সবার সম্মতিতেই হয়েছে। তাঁদের মতে, অতিথিদের উপস্থিতি এবং নবদম্পতির জন্য দোয়াই সবচেয়ে বড় পাওয়া। উপহার দেওয়ার কারণে কেউ যেন কোনো ধরনের চাপ অনুভব না করেন, সেটিই ছিল পরিবারের উদ্দেশ্য।

বিয়েতে আসা এলাকার যুবক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বিয়েতে উপহার দেওয়ার একটি প্রচলিত সামাজিক রীতি রয়েছে। সেই রীতির বাইরে গিয়ে সামিয়ার পরিবারের উদ্যোগটি তাঁর ভালো লেগেছে। উপহারের বদলে অতিথিদের উপস্থিতি ও দোয়াকে গুরুত্ব দেওয়ার এই উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করতে পারে।

Share This Article
Leave a Comment