কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ ও ভারতের রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দুপুরে শিয়ালদহ রেলস্টেশন এলাকা থেকে সংগঠন দুটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী-সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের অর্ধশতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে এগিয়ে গেলে নিরাপত্তার কারণে মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এ সময় ডেপুটি হাইকমিশন সংলগ্ন সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি ঘিরে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশের বাধার কারণে বিক্ষোভকারীরা ডেপুটি হাইকমিশনের সামনে যেতে পারেননি। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মিশন চত্বরে প্রবেশ করে।
প্রতিনিধি দলটি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি স্মারকলিপি দেয়।

স্মারকলিপি দেওয়ার পর আন্দোলনকারীরা কিছু সময় স্লোগান দেন। পরে তারা ডেপুটি হাইকমিশন এলাকা ত্যাগ করেন।

Share This Article
Leave a Comment