নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ছবিটি আসল কি না, তা নিয়ে ‘কনফিউশন’ থাকার কথা জানিয়ে তিনি ফ্যাক্টচেকারদের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ওই ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দেখা যায়। পরে আসিফ মাহমুদ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করে এর সত্যতা যাচাই নিয়ে প্রশ্ন তোলেন।
এ সময় তিনি আরেকটি ছবিও প্রকাশ করেন। সেখানে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তাঁর স্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেলেও ট্রাম্পকে ঘরের মাঝখানে মানুষের সমান আকারের কার্ডবোর্ডের কাটআউটের মতো দেখানো হয়েছে।
দুটি ছবি প্রকাশ করে আসিফ মাহমুদ লেখেন, ‘এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কনফিউশন চলছে। কেউ ভ্যারিফাই করতে পেরেছেন? ফ্যাক্ট চেকারদের কি অবস্থা?’
তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়। বিষয়টি নিয়ে ফ্যাক্টচেকিংয়েও ছবিটির সত্যতা পাওয়া গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোমানিয়ার একটি গণমাধ্যম কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির ছবিটি নিয়ে আগে ফ্যাক্টচেক করে জানায়, ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো ছবিটি আসল ছবি নয়; এটি একটি মিম।
প্রতিবেদনটিতে বলা হয়, মূল ছবিতে কুর্তির পাশে ট্রাম্পকে স্বাভাবিকভাবেই দেখা যায়। পরে সেই ছবিকে সম্পাদনা করে ট্রাম্পের কার্ডবোর্ড কাটআউটের মতো একটি সংস্করণ তৈরি করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মিম হিসেবে ছড়িয়ে পড়ে।
এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়া বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার প্রধানমন্ত্রী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ওই সময়ের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।

