কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারের সময় ৯২৫০ কেজি সার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক:  কুষ্টিয়া সীমান্ত দিয়ে নৌপথে ভারতে পাচারের প্রস্তুতিকালে ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)–এর আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী থেকে এসব সার উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির একটি টহল দল ওই নদী এলাকায় অভিযান চালায়। এ সময় নদীর তীরে নৌপথে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ সার পাওয়া যায়।
উদ্ধার করা সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট। সব মিলিয়ে উদ্ধার করা সারের পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment