ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেছেন, রাজনৈতিক হয়রানি, মিথ্যা মামলা, গায়েবি মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যাকে-তাকে ধরে নেওয়ার মতো কর্মকাণ্ড বিএনপি ঘৃণা করে। একই সঙ্গে বিরোধী দলকে জনগণের পক্ষে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পয়গাম আলী।
পয়গাম আলী বলেন, ‘বিরোধী দলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে কাজটি করছেন, আপনারা ১৯৯৬ সালে একই কাজ করেছিলেন বিএনপির বিরুদ্ধে। ঠিক একই নকশায় পতিত আওয়ামী লীগের সঙ্গে ভিতরে ভিতরে ঐক্য করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
তিনি বলেন, ‘ঠাকুরগাঁও চৌরাস্তায় আপনাদের সাবধান করে বলতে চাই, আপনারা রাজনীতিটা জনগণের পক্ষে করেন। জনগণের সুখে-দুঃখে জনগণের পাশে দাঁড়ান। আপনারা দেশের বিরোধী দল, আপনারা হচ্ছেন ছায়া সরকার। ছায়া সরকারের কাজটা ঠিক করে করেন।’
সরকার উৎখাতের এক দফার হুমকির প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘কাকে হুমকি দিচ্ছেন, একবার নিজে ভাবেন, তারপর হুমকি দিয়েন। নাহলে এর পরিণাম ভয়াবহ হবে।’
ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘যেখানে রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা, এখানে যেন না হয়। একটা করে, তার পরিণাম ভালো হবে না, ইনশাআল্লাহ।’
এ সময় তিনি রাষ্ট্রপতির প্রসঙ্গ তুলে বলেন, ‘মাননীয় রাষ্ট্রপতি, যিনি আমাদের আজ গর্বের মানুষ, জাতি গর্ব করে। আজকে ঠাকুরগাঁওয়ের মানুষ বুক চিতিয়ে বেড়াচ্ছে।’
বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

